হবিগঞ্জ–৪ আসনে বিএনপির প্রার্থী ফয়সলের ঋণ ১,৯১৬ কোটি, স্ত্রীর সম্পদ ৩৩ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ-৪ আসনের প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে আয়, সম্পদ ও মামলার চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি এসএম ফয়সলের ঘোষিত সম্পদের তুলনায় তাঁর নামে থাকা ঋণের পরিমাণ কয়েকগুণ বেশি।
হলফনামা অনুযায়ী, গত বছরে এসএম ফয়সলের তিনটি খাত থেকে আয় ১ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ২৯ টাকা। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৮ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৩১৩ টাকা। তবে চারটি শিল্পপ্রতিষ্ঠানের নামে তাঁর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬ কোটি ৮০ লাখ ৯ হাজার ৭৩৭ টাকা, যা তাঁর ঘোষিত সম্পদের তুলনায় প্রায় ৬৭ গুণ বেশি।
হলফনামায় তাঁর স্ত্রীর বাৎসরিক আয়ের তথ্য উল্লেখ না থাকলেও স্ত্রীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ ২২ হাজার ৯৪৭ টাকা, যা এসএম ফয়সলের ঘোষিত সম্পদের চেয়েও বেশি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে থাকা তিনটি মামলার মধ্যে একটি প্রত্যাহার করা হয় এবং বাকি দুটি আদালতে খারিজ হয়েছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) বাৎসরিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা। তাঁর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৩৯ শতক জমি এবং অস্থাবর সম্পদ হিসেবে ৩১ ভরি স্বর্ণালঙ্কার।
খেলাফত মজলিসের প্রার্থী আহমেদ আব্দুল কাদের ভবন ভাড়া থেকে বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করেন। তাঁর ও স্ত্রীর নামে দুটি ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়েছে।
এ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে এবি পার্টির মোকাম্মেল হোসেনের বাৎসরিক আয় ৩ লাখ ৯২ হাজার টাকা, মুসলিম লীগের শাহ মো. আল আমিনের আয় ২ লাখ ৪০ হাজার টাকা, বাসদের মো. মুজিবুর রহমানের আয় ৭৩ হাজার টাকা এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকনের আয় ৩ লাখ ২০ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে থাকা ১০টি মামলার সবকটিতে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ৩১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
উল্লেখ্য, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে ১৮৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: