চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে বাড়ছে নদী ভাঙন, হুমকিতে বসতভিটা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামে প্রকাশ্য দিবালোকে অবৈধ বালু উত্তোলনের বেপরোয়া কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে সরকারি আইন ও বিধিনিষেধ উপেক্ষা করে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।
এতে করাঙ্গী নদীর তীর ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ফসলি জমি। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে গ্রামীণ সড়ক ও নদীতীরবর্তী বসতবাড়ি। অব্যাহত বালু উত্তোলনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলোতেই নদী ও জমি থেকে বালু তোলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, “অচিরেই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: