মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিকেল প্রায় ৫টার দিকে পুরোনো কাগজের কার্টন বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাকটির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী, শাড়ি ও জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকা ও মহাসড়কে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: