হবিগঞ্জে বালুভর্তি ট্রাকসহ দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ
Led Bottom Ad

হবিগঞ্জে বালুভর্তি ট্রাকসহ দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০১/২০২৬ ১১:৫২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে একটি বালুভর্তি ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা পণ্য হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বালু বোঝাই ট্রাক সন্দেহজনকভাবে অতিক্রম করতে দেখলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়। অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ পণ্য ও ট্রাকের সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad