পইল গ্রামে তিন দিনব্যাপী মাছের মেলা
হবিগঞ্জে দেড়মণ ওজনের এক বাঘাইড়ের দাম আড়াই লাখ টাকা
বিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। ২০৭ বছর ধরে চলে আসা এই মেলার প্রধান আকর্ষণ ছোট-বড় সব ধরনের দেশি প্রজাতির মাছ। এ বছর মেলায় আসা সবচেয়ে বড় মাছ দেড়মণ ওজনের একটি বাঘাইড়, যার দাম হাঁকা হচ্ছে ২ লাখ ৫০ হাজার টাকা।
মেলায় এ বাঘাইড় মাছটি নিয়ে এসেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি জানান, কুশিয়ারা নদী থেকে ধরা মাছটির উপযুক্ত দাম না পেলে তিনি বিক্রি করবেন না। ইতোমধ্যে একাধিক ক্রেতা এক লাখ টাকার বেশি দাম প্রস্তাব করেছেন বলেও জানান তিনি।
মাছের পাশাপাশি মেলায় শিশুদের খেলনা, কৃষি উপকরণ, শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে নাগরদোলা, ট্রেনসহ নানা ধরনের খেলার আয়োজন। বাহারি মাছ আর হাজারো দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে এবারের পইলের মাছের মেলা পেয়েছে নতুন মাত্রা।
মেলার আয়োজক কমিটির উপদেষ্টা মহরম আলী জানান, মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। তিনি বলেন, “এ মেলা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। মেলাকে কেন্দ্র করে পুরো গ্রামে ঈদের আমেজ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন মাছ কিনতে ও মেলা দেখতে আসেন। এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।”
স্থানীয়দের মতে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন পালের জন্মভূমি পইল গ্রামে দুই শতাধিক বছর ধরে এই ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর পৌষ মাসের ৩০ তারিখে এ মেলা বসে। আগে একদিনের হলেও গত কয়েক বছর ধরে তা দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছিল, আর এবার আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী।
ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের মিলনে পইলের মাছের মেলা এখন শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়, বরং এ অঞ্চলের মানুষের আবেগ ও পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
এ রহমান
মন্তব্য করুন: