নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বিশেষ টিম
হবিগঞ্জে পরিত্যক্ত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার দুপুরে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা (জাতুকর্ণপাড়া) গ্রামের ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়িতে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে বানিয়াচং আর্মি ক্যাম্পকে অবহিত করলে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত বস্তুটি একটি CCs-60 মডেলের টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড।
নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী টিমের মাধ্যমে গ্রেনেডটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেনেডটি কীভাবে ওই বাড়িতে এলো এবং এর পেছনে কোনো অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না—সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ রহমান
মন্তব্য করুন: