নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, সরবরাহ অনিয়ম ও মজুদ সংক্রান্ত অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা, মজুদ ও মূল্য তালিকা সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের নিকট বিক্রি করা হচ্ছে।
এ অভিযোগে দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: আজিজুর রহমান) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়, এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করতে। কোনো বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: