উত্তাল সিলেট, নেতা আসছেন...
Led Bottom Ad

উত্তাল সিলেট, নেতা আসছেন...

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

২১/০১/২০২৬ ১২:৩০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আবেগ, উচ্ছ্বাস আর প্রত্যাশার ঢেউয়ে ভাসছে পুণ্যভূমি সিলেট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে পুরো নগরী। ব্যানার, ফেস্টুন, তোরণ আর আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজপথ থেকে অলিগলি—সবখানেই একটাই আলোচনা, নেতা আসছেন।


আলিয়া মাদরাসা মাঠে সমাবেশস্থলের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। দিন-রাত নিরলসভাবে কাজ করছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা দফায় দফায় পরিদর্শন করছেন মাঠ ও আশপাশের এলাকা। শৃঙ্খলা, নিরাপত্তা ও জনসমাগম নির্বিঘ্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সমাবেশের আগের দিন থেকেই সিলেট নগরী যেন পরিণত হয়েছে মিছিলের নগরীতে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে, স্লোগানে স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে বের করছেন পৃথক পৃথক প্রচার মিছিল। মানুষের চোখেমুখে স্পষ্ট উচ্ছ্বাস—দেড় দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আনন্দ।


দলীয় সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবারের মহাসমাবেশে লাখো মানুষের ঢল নামতে পারে। অনেকের বিশ্বাস, সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আলিয়া মাদরাসা মাঠ। সমাবেশের একদিন আগে আজ রাতেই সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পৌঁছানোর পরপরই দলের শীর্ষ নেতারা তাকে সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন।


এই সফরকে আরও আবেগঘন করে তুলেছে একটি বিশেষ ঘটনা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এবারের সফরে তারেক রহমানের সঙ্গে আসতে পারেন তার স্ত্রী সিলেটের কন্যা ডা. জুবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান। সেই সঙ্গে প্রায় ২০ বছর পর দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই খবরে শ্বশুরালয়জুড়ে বইছে আনন্দের বন্যা।


শ্বশুরবাড়িটি সাজানো হয়েছে উৎসবের সাজে। বাড়ির সামনের সড়কে স্থাপন করা হয়েছে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি সংবলিত তোরণ। প্রবেশপথের গাছগুলো রাঙানো হয়েছে রঙিন আবরণে, প্রধান ফটকেও দেওয়া হয়েছে লাল রঙের নতুন প্রলেপ। যেন পুরো বাড়িটি বলে দিচ্ছে—প্রিয় অতিথিকে বরণ করতে প্রস্তুত।


উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ডা. জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিবাহবন্ধনে আবদ্ধ হন।


এদিকে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মোক্তাদির বলেন, “সমাবেশের শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় দেড় যুগ পর সিলেটের মাটিতে তারেক রহমানের পদচারণা—এটি শুধু একটি সফর নয়, এটি ইতিহাসের অংশ।” তিনি আরও বলেন, এই সফরের মধ্য দিয়েই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।


তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য শুধু রাজনৈতিক কোনো ঘটনা নয়—এটি আবেগের, স্মৃতির ও প্রত্যাশার এক মহামিলন। সিলেট আজ নেতার অপেক্ষায়, ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad