‘ভোট দখলের চেষ্টা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে'
Led Bottom Ad

হবিগঞ্জে তারেক রহমান

‘ভোট দখলের চেষ্টা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে'

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২২/০১/২০২৬ ২০:২৬:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন শুধু সজাগ থাকলেই চলবে না, সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে তারপর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।”


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।


তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হলেও একটি রাজনৈতিক দল পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। তিনি বলেন, “আগে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এখন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট দখলের চেষ্টা করছে।”


জনসভায় তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস ভুলে গেলে চলবে না। ১৯৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা তখন দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের নতুন করে দেখার কিছু নেই। তাঁর ভাষায়, “একমাত্র পথ হলো জনগণের শাসন প্রতিষ্ঠা করা, যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।”


তারেক রহমান বলেন, জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। “এই দেশের মালিক জনগণ। দেশের ২০ কোটি মানুষই এ দেশের মালিক,”—বলেন তিনি।


জনসভায় কর্মসংস্থান, কৃষি ও সামাজিক নিরাপত্তা নিয়ে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চা–বাগানের নারী শ্রমিকসহ দরিদ্র পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও জানান তিনি, যার মাধ্যমে সরকারি সহায়তা পাওয়া যাবে।


তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও কৃষি ঋণ সহজে পাওয়া যাবে।


সভায় হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ দলের তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য দেন। আয়োজকদের দাবি, জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad