মা গুরুতর আহত
নবীগঞ্জে মহাসড়কে প্রাণ গেল ২৮ দিনের নবজাতকের
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে মারিয়া নামে মাত্র ২৮ দিন বয়সী এক নবজাতক নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আউশকান্দি বাজার থেকে ডাক্তার দেখিয়ে মা জেসমিন বেগম তার ২৮ দিনের সন্তানকে নিয়ে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু মারিয়া ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং তার মা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে আউশকান্দি বাজারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাৎক্ষণিকভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক যানগুলো শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: