নবীগঞ্জে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন: একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি মালিকানাধীন উর্বর ধানী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের দায়ে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার গালিমপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গালিমপুর মৌজার সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই এক্সেভেটর (ভেকু) ব্যবহার করে মাটি কাটা হচ্ছিল। এতে জমির শ্রেণি পরিবর্তনসহ কৃষিজমির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ঘটনার সাথে জড়িত গালিমপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র ফারুক মিয়া তার অপরাধ স্বীকার করেন। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের কড়াকড়ি থাকলেও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাটি কাটা থামছে না। বিশেষ করে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দেদারছে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত শহরের মূল সড়কের ওপর দিয়ে বেপরোয়া গতিতে মাটিবোঝাই ট্রাক চলাচল করায় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শহরের ভেতরের এই সিন্ডিকেট বন্ধে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এ রহমান
মন্তব্য করুন: