কিবরিয়া হত্যার ২১ বছর: এখনো শেষ হয়নি বিচার, বর্তমান চার্জশিটকে 'প্রতারণামূলক' বলছেন রেজা কিবরিয়া
Led Bottom Ad

কিবরিয়া হত্যার ২১ বছর: এখনো শেষ হয়নি বিচার, বর্তমান চার্জশিটকে 'প্রতারণামূলক' বলছেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০১/২০২৬ ১০:৪৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)। দুই দশকের বেশি সময় পার হলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ এখনো শেষ হয়নি। দফায় দফায় তদন্ত, সাক্ষী না আসা এবং আইনি জটিলতায় ঝুলে আছে মামলাটি। এদিকে, বর্তমান চার্জশিটকে ‘সাজানো ও প্রতারণামূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

​২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলার শিকার হন শাহ এ এম এস কিবরিয়া। হামলায় তিনি এবং তাঁর ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৪৫ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

​মামলার তদন্ত শেষে সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই এই তদন্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে কিবরিয়া পরিবার।

​ড. রেজা কিবরিয়া আজ সংবাদমাধ্যমকে বলেন, "এই চার্জশিটটি সাজানো ও প্রতারণামূলক। এখানে অনেক আওয়ামী লীগ নেতার নাম সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি এবং ভবিষ্যতে সুযোগ হলে মামলাটি পুনরায় তদন্ত (রি-ওপেন) করার কথা ভাবছি।"

​সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবুল হোসেন জানান, এ পর্যন্ত ১৭১ জন সাক্ষীর মধ্যে প্রায় ৭০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পিপি আশা প্রকাশ করেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে বিচার কাজ সম্পন্ন হতে পারে।

​নিহতদের স্বজনরা দীর্ঘ ২১ বছর বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিহত সিদ্দিক আলীর ছেলে মুখলেছুর রহমান এবং আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন জানান, তাঁরা শুধু বিচারের আশ্বাসই শুনেছেন, বাস্তব কোনো ফল দেখেননি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাঁরা এবার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

​২১ বছর আগের সেই বিভীষিকাময় গ্রেনেড হামলা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে। কিবরিয়া পরিবার এবং সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে আদালতের চূড়ান্ত রায়ের দিকে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad