নবীগঞ্জে মামুনুল হকের হুঁশিয়ারি
'হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে'
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের মা-বোনদের হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারও থাকবে না।’
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জেকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, অতীতের লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ হতাশ হয়েছে। শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে, অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে।’
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, নারী গণসংযোগকারীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাঁদের ভয় দেখাতে সন্ত্রাসী কায়দায় গায়ে হাত তোলা হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তাহির আহমদ
মন্তব্য করুন: