মাধবপুরে বিভাগীয় কমিশনার
'ফ্যাসিবাদের চিরতরে অবসানের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে'
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের চিরতরে অবসানের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতেই সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়াতে হবে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জের উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণা উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সংসদে গান-বাজনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং ফ্যাসিবাদের কবর দিতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার একেএম সালিমুল হক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব মোরশেদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: