​‘১৭ বছর তরুণরা ব্যালট পেপার দেখেনি’
Led Bottom Ad

লাখাইয়ে জি কে গউছ

​‘১৭ বছর তরুণরা ব্যালট পেপার দেখেনি’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০১/২০২৬ ১৯:৩২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ জি কে গউছ বলেছেন, “বিগত ১৭ বছর আওয়ামী লীগ জোর করে মানুষের ভোট কেড়ে নিয়েছে। এই দীর্ঘ সময়ে দেশের তরুণ প্রজন্মের অনেকেই ভোট দেওয়া তো দূরের কথা, ব্যালট পেপার চোখেও দেখেনি।”

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করে জি কে গউছ বলেন, “হাসিনা পালিয়ে যাওয়ার পর পুরো দেশ এক প্রকার অরক্ষিত ছিল। থানায় পুলিশ ছিল না, ছিল না কোনো প্রশাসন। দেশে তিন দিন কোনো সরকার ছিল না। কিন্তু বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বেগম খালেদা জিয়ার নির্দেশে মানুষের জানমালের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকা পালন করেছে।”

​ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিএনপি বারবার প্রমাণ করেছে তারা দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকে। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব একে অপরের বিপদে পাশে দাঁড়ানো। আমরা সবাই মিলে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

​এদিন দুপুরে বামৈ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পথসভায় জি কে গউছের সঙ্গে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

​উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছের গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা স্থানীয় নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad