নবীগঞ্জে মামুনুল হক
‘মানুষকে প্রকৃত ক্ষমতা বুঝিয়ে দিতেই ১১ দলীয় জোটের জন্ম’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “১১ দলীয় জোট কেবল ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য গঠিত হয়নি। আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশের সাধারণ মানুষকে তাদের প্রকৃত ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের লক্ষ্য একটি লুণ্ঠনমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জে কে হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিগত শাসনামলে নবীগঞ্জের বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস শোষিত হয়েছে, কিন্তু স্থানীয়রা বঞ্চিত ছিল। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহর আলোকে ইনসাফ কায়েম করা হবে। নবীগঞ্জ ও বাহুবলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে এবং এরপর অতিরিক্ত গ্যাস দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হবে।”
৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, “আবু সাঈদসহ দেড় সহস্রাধিক শহীদের রক্ত এবং ৩০ হাজার যোদ্ধার পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই বিপ্লবের ফসল ঘরে তোলার জন্যই ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এই সনদকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা না করা হয়, তবে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জুল হুসাইন মিরাজী, এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহাজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, ৫৪ বছরের জুলুম, বৈষম্য এবং আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে ১১ দলের এই ঐতিহাসিক ঐক্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। সমাবেশ শেষে নবীগঞ্জ শহরে এক বিশাল মিছিল বের করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: