হবিগঞ্জ এনসিপিতে বড় ধস: পলাশ মাহমুদসহ ১৩ নেতার একযোগে পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখায় বড় ধরনের সাংগঠনিক বিপর্যয় দেখা দিয়েছে। দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা পলাশ মাহমুদসহ আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এই গণ-পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।
পদত্যাগকারীদের তালিকায় পলাশ মাহমুদ ছাড়াও রয়েছেন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব: সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।
পদত্যাগের কারণ হিসেবে জুলাইযোদ্ধা পলাশ মাহমুদ জানান, ব্যক্তিগত ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন করা আমার জন্য সমীচীন মনে হচ্ছে না। কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থেই আমি সরে দাঁড়িয়েছি।”
তবে পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এটি নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা নয়, বরং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, পদত্যাগ করা বাকি ১২ জন নেতা তাঁদের ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে হবিগঞ্জ জেলা এনসিপির এই গণ-পদত্যাগ দলটির স্থানীয় রাজনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পরিচিত মুখদের সরে দাঁড়ানো সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পদত্যাগপত্রের অনুলিপি ইতিমধ্যে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: