হবিগঞ্জে জি কে গউছ
‘আওয়ামী লীগ ভোটের সিস্টেম ধ্বংস করে দিয়েছিল’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, “আমরা সবসময় চেয়েছিলাম একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, যেখানে মানুষ তার পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে। কিন্তু আওয়ামী লীগ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা মুসলিম—কাউকেই বিশ্বাস করেনি। তারা কেবল যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল।”
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পতন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে আওয়ামী লীগের বড় কোনো নেতা মাঠে নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে তার দোসররাও আত্মগোপনে চলে গেছে।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির শীর্ষ নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মহিবুল ইসলাম শাহীন, আব্দুল আজিজ, হাবিবুর রহমান হাবিব এবং অ্যাডভোকেট ময়নুল হোসেন দুলাল প্রমুখ।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: