হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে মূল অপহরণকারী অনিক
Led Bottom Ad

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে মূল অপহরণকারী অনিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

৩০/০১/২০২৬ ২০:৩৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জের মাধবপুরে অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৯। একই অভিযানে ঘটনার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি সামিউল হক অনিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জের ওলিপুর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর উপজেলার জগদীশপুর জেসি হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত অনিক ভিকটিমের পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে সস্ত্রীক বসবাস করতেন। দীর্ঘ দিন ধরে তিনি ওই ছাত্রীকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ভিকটিমের পরিবার বাধা দিলে অনিক ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেন।

​গত ১৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে থেকে অনিক ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

​ঘটনার পর র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে গ্রেপ্তার করা হয় এবং ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার অনিক মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

​র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, "অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকেই আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"

​মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad