চুনারুঘাটে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সম্পন্ন
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে ৫২তম বার্ষিক উৎসব ও ৩২ প্রহরব্যাপী (৪ দিন) হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। শনিবার ভোর ৬টায় কীর্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুটের মাধ্যমে এই আধ্যাত্মিক উৎসবের সমাপ্তি ঘটে।
বাসুদেব মন্দিরের উৎসব উদযাপন কমিটি জানায়, গত ২৪ জানুয়ারি শনিবার থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম তিন দিন (২৪ থেকে ২৬ জানুয়ারি) প্রতিদিন ভোরে মঙ্গলারতি, সকালে নাম সংকীর্তন, বাসুদেব অর্চনা, দুপুরে ভোগরাগ, সন্ধ্যায় সন্ধ্যারতিসহ শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান ও পদকীর্তন অনুষ্ঠিত হয়। গত ২৬ জানুয়ারি সোমবার রাতে ৩২ প্রহরব্যাপী নাম সংকীর্তনের শুভাধিবাস অনুষ্ঠিত হয়।
২৭ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে মূল নাম সংকীর্তন শুরু হয়ে চলে ৩০ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে শনিবার ভোরে কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত ও পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত ছিল বাসুদেব মন্দির অঙ্গন। উৎসব উদযাপন কমিটির সংশ্লিষ্টরা জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এই মহাযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: