হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর নির্বাচনী প্রচারণার বাধা : উভয়পক্ষে উত্তেজনা
Led Bottom Ad

হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর নির্বাচনী প্রচারণার বাধা : উভয়পক্ষে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০২/২০২৬ ২১:১৬:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।


রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।


স্থানীয় সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেওলগাঁও গ্রামে প্রচারণায় যান তাহেরী। তাঁর গাড়িবহর গ্রামে পৌঁছালে সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী প্রচারণা বন্ধের আহ্বান জানান। এ সময় বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট তাঁদের হাতে দেখা যায়।


একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বিবেচনায় তাহেরী কোনো প্রচারণা না করেই এলাকা ত্যাগ করেন।


ঘটনাস্থল ছাড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে সবার প্রচারণার অধিকার রয়েছে। নির্বাচনী সভা করতে বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেন, তাঁর গাড়িবহর কিছু সময় আটকে রাখা হয়।


এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, নির্বাচনের সময় নানা ঘটনা ঘটে। এটি একটি ভুল–বোঝাবুঝির ফল।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, বিষয়টি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad