হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ও বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরীর নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাহেরীর সমর্থকদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমবাতি প্রতীকের সমর্থনে নির্বাচনি প্রচার চালাতে বিকেলে দেওলগাঁও গ্রামে যান গিয়াস উদ্দিন তাহেরী। তাঁর গাড়ি বহর এলাকায় পৌঁছালে সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির একদল নেতাকর্মী ও সমর্থক গতিরোধ করে। তাঁরা তাহেরীকে সেখানে প্রচারণা না চালিয়ে ফিরে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটলে প্রচারণা না চালিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন তাহেরী।
পরে এক ভিডিও বার্তায় গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেশের যেকোনো প্রান্তে নির্বাচনি প্রচারণা চালানোর আইনগত অধিকার আমার আছে। ভোট দেওয়া বা না দেওয়া জনগণের ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রচারে বাধা দেওয়া গুরুতর অপরাধ। রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা সবার দায়িত্ব।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটি মূলত একটি স্থানীয় ভুল বোঝাবুঝি ছিল। আমরা দলীয়ভাবে খোঁজ নিয়েছি এবং সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: