আচরণবিধি লঙ্ঘন: গিয়াস উদ্দিন তাহেরীকে ইসি’র চূড়ান্ত সতর্কবার্তা
Led Bottom Ad

আচরণবিধি লঙ্ঘন: গিয়াস উদ্দিন তাহেরীকে ইসি’র চূড়ান্ত সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৩/০২/২০২৬ ১৩:০৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন আত তাহেরীকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে পুনরায় বিধিলঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

​সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ইসির উপসচিব মোহাম্মদ দিদার হোসাইনের সই করা এক নোটিশে এই সতর্কবার্তা দেওয়া হয়।

​ইসি সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরী ‘দ্য স্পিচ’ নামক একটি ফেসবুক পেজের ভিডিও লিংকের মাধ্যমে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। অথচ তফশিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

​ইসির নোটিশে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। নোটিশে প্রার্থীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তিনি যেন আর কোনো আচরণবিধি লঙ্ঘন না করেন। পুনরায় বিধি ভাঙলে আর্থিক জরিমানা ছাড়াও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

​এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন আত তাহেরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল ছিল এবং তাঁরা কমিশনের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল।

​উল্লেখ্য, মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে থাকা এই আলোচিত প্রার্থীর প্রচারণা নিয়ে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও পাল্টা-পাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad