মাধবপুরে পাথরবাহী ট্রাকে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মহাসড়কের কৌশলগত স্থানে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা পাথরের নিচে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং মেলানোসাইল (MELANOCYL) নামক ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পাথরের নিচে সুকৌশলে এসব পণ্য পাচার করছিল। জব্দকৃত পণ্য ও ট্রাকটি কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: