‘ভোট দিলে ওয়াজ ফ্রি’—হবিগঞ্জে তাহেরীর ব্যতিক্রমী প্রচার
“আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি”—গজলের এই সুরে একযোগে কণ্ঠ মেলান কয়েক শ মানুষ। গজল শেষ হতেই পরিবেশ বদলে যায়। শান্ত ও আবেগী কণ্ঠে বক্তা তখন বলেন, ‘ভাইজান, বাজান ভোটটা দিয়েনও।’
ব্যতিক্রমী এই প্রচার দেখা গেছে হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী প্রচারণায়। সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবে ভোট চাইতে দেখা যায় তাঁকে।
প্রচারের শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তাহেরী বলেন, ‘এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি।’ তাঁর এই বক্তব্য ঘিরে উপস্থিত মানুষের মধ্যে ভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়।
এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তাঁর এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং আরও ১১টি পথসভা করার কথা জানিয়ে স্থান ত্যাগ করেন।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী আলোচনায় মূলত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল এবং ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।
অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এস এ সাজন।
ডি আর ডি
মন্তব্য করুন: