‘পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা হবে’
Led Bottom Ad

হবিগঞ্জে জামায়াত আমির

‘পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা হবে’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০২/২০২৬ ২০:৫৭:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই বিপুল অর্থ দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে, এই টাকায় তারও অধিকার আছে। এই লুণ্ঠিত অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (নিউ ফিল্ড) আয়োজিত ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজি চলবে না। ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবেন, ফুটপাতের হকারদের আর চোখের পানি ফেলতে হবে না। এমনকি ঢাকা শহরের শিক্ষার্থীদেরও যে চাঁদা দিতে হয়, সেই সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে।”

ব্যতিক্রমী এক রাজনৈতিক অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, “আমাদের মনোনীত যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাঁরা প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন। এমপি-মন্ত্রীদের জন্য শুল্কমুক্ত গাড়ি বা স্বল্পমূল্যের প্লট আমরা গ্রহণ করব না। সাধারণ মানুষ যেভাবে চলে, আমরাও সেভাবেই চলব।”

নারীর পোশাক ও মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “মা-বোনদের হিজাব খুলে দেওয়ার কথা যারা বলে, তারা কি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি? আমরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু মা-বোনদের ইজ্জত ও ধর্মীয় স্বাধীনতায় কাউকে হাত দিতে দেব না।” তিনি আরও যোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে বেকার ভাতার কার্ড দিয়ে অবমাননা করা হবে না; বরং কর্মক্ষম যুবকদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়া হবে। গ্রামকে শিল্পে রূপান্তর করা হবে যাতে মানুষ নিজ এলাকাতেই কর্মসংস্থান পায়।

নির্বাচনের সময় ধর্মীয় লেবাস ধরা ব্যক্তিদের ‘প্রতারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ধর্মীয় পরিচয়ে কাউকে হেয় করা হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে।”

​হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনের কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমেদ আব্দুল কাদের।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad