হবিগঞ্জে লেবু ফেলে পালালেন ব্যবসায়ীরা
Led Bottom Ad

ভোক্তা অধিদপ্তরের অভিযান

হবিগঞ্জে লেবু ফেলে পালালেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২২/০২/২০২৬ ১৪:২৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দেখে দোকান ফেলে পালিয়ে গেছেন লেবু ব্যবসায়ীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌধুরীবাজারে এই নাটকীয় ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জেলায় লেবুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা; ৪০ টাকা হালির লেবু বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযানের খবর পেয়ে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার থেকে সটকে পড়লে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পালিয়ে যাওয়া লেবু ব্যবসায়ীদের সন্ধান মেলেনি।

অভিযান চলাকালীন নারিকেল হাটে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ‘সেন্টু স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জনস্বার্থে প্রায় ১০ কেজি পচা ও নিম্নমানের নুডলস উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় বেশ কয়েকজন ফল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয় যেন তারা অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকেন। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাকিব হোসাইন ও জেলা আনসারের একটি দল অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad