কুলাউড়ায় মোস্তফা জামাল হায়দার
জাতীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য ঐক্য বিনষ্টের শামিল
সাবেক মন্ত্রী ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর)চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সাম্প্রতিক সময়ে কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শোনা যাচ্ছে। যা জাতীয় ঐক্য ও বিগত দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় এসেছে তা বিনষ্ট করার শামিল। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এ ধরনের কুরুচিপূর্ণ,অসত্য আর ব্যক্তি আক্রমণ কেন্দ্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও স্লোগান সকল পক্ষকেই পরিহার করতে হবে।
তিনি বুধবার (১৬ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে সুলতান কমপ্লেক্সে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজীবন সহযোগী প্রখ্যাত কৃষক ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নবাব আলী ছফদর খান রাজা সাহেব এর ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার নিন্দা জানিয়ে মোস্তফা জামাল হায়দার বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রমাণ করে, ফ্যাসিবাদী শক্তি এখনো ক্ষয় হয়ে যায়নি। এই মুহূর্তে, আবারো জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ কে নির্মূল করার শপথ নিতে হবে।
স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, মৌলভীবাজার- ২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য (কাজী জাফর) নবাব আলী আব্বাস খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, নবাব আলী নকি খান, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,বিএনপি নেতা আকদ্দছ আলী মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক তোফায়েল চৌধুরী, স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব আব্বাস আলী, জেলা ছাত্রদলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নবাব আলী হাসিব খান প্রমুখ।
স্মরণ সভায় মোস্তফা জামাল হায়দার আলো বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সরকারের উচিত যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা। যারা হত্যা,ধর্ষণ, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মে জড়িত তারা যে দলের, যে মতের হোক না কেন, সরকারের উচিত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারে, তাহলে জুলাই অভ্যুত্থানের বিজয় নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নবাব আলী ছফদর খান রাজা সাহেবের স্মৃতিচারণ করে মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দেখেছি নবাব আলী ছফদর খান, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিশ্বস্ত সহযোগী হিসাবে দেশের শ্রমিক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের লড়াই করে যাচ্ছেন। বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলে তিনি কৃষক ও চা শ্রমিকদের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: