সিলেটে দুই টাকায় ঈদের শপিংয়ের সুযোগ দিচ্ছে ‘নিঃস্বার্থ পরিবার’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ “চাঁন্দের হাট – দুই টাকায় ঈদের শপিং” আয়োজন করতে যাচ্ছে সিলেটের সামাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা মাত্র দুই টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক সংগ্রহ করার সুযোগ পাবে। পাশাপাশি থাকবে দুই টাকায় চুল কাটার সেলুন, সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য মেহেদি ডিজাইন স্টল এবং পথশিশুদের জন্য ঈদের সালামি ও বিভিন্ন উপহার।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
নিঃস্বার্থ পরিবারের সভাপতি মুক্তাদির কামালী দূর্জয় জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দঘন ঈদ উপহার দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছোট এই আয়োজনের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: