নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরীকে (৫৩) হাত-পা বেঁধে ও মুখে কস্টেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অভিযুক্ত পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহত ফেরদৌসী ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী; তাঁর ছেলে রফিকুল ইসলাম চৌধুরী বর্তমানে দুবাই প্রবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে লামনীরপাড়ে নিজ বসতঘর থেকে নিহতের হাত-পা বাঁধা ও মুখ কস্টেপ দিয়ে আটকানো মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর তদন্তে বেরিয়ে আসে যে, পুত্রবধূ তামান্না সুনামগঞ্জের এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। গত রোববার দিবাগত রাতে ওই যুবক ও তাঁর সহযোগীরা তামান্নার সঙ্গে দেখা করতে এসে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দাবি করেন। এ সময় শাশুড়ি জেগে উঠে চিৎকার করলে তামান্না ও তাঁর প্রেমিকসহ সহযোগীরা মিলে ফেরদৌসীকে শ্বাসরোধে হত্যা করেন।
ঘটনার পর নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে তামান্না আক্তার ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অভিযুক্ত তামান্না ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ এই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তামান্নার পরকীয়া প্রেমিক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: