ভাই গুরুতর আহত
মৌলভীবাজারে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন; এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৮৮) ওই এলাকার মৃত আসকর মিয়ার ছেলে এবং আহত ব্যক্তি তার ছেলে শহিদুর মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এসময় মশিক মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে বাবার ডান পাঁজরের নিচে আঘাত করেন এবং বড় ভাই শহিদুর মিয়া বাধা দিতে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘাতক ছেলেকে শনাক্ত করতে তৎপরতা শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: