রাজনগরে ৯ বছরের শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক ৯ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দোকানদার পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর থানাধীন মনসুরনগর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু হুমায়রা আক্তার (৯) তার মামার বাড়িতে বেড়াতে এসে পাশের একটি মুদি দোকানে যায়। অভিযোগ অনুযায়ী, দোকানদার দুলাল মিয়া (৩৫) শিশুটিকে চকলেট ও জুস দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে যান।
এরপর দোকানের ভেতরে সুযোগ নিয়ে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার পরিবারের কাছে পুরো বিষয়টি জানায়।
ভুক্তভোগীর মা জেসমিন বেগম বলেন, তাদের পরিবার কিছুদিনের জন্য মনসুরনগরে বেড়াতে গিয়েছিল। সেখানেই এই ভয়াবহ ঘটনার শিকার হয় তার মেয়ে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
শিশুটির বাবা আবুল হোসেন জানান, এ ঘটনায় তারা রাজনগর থানায় মামলা করেছেন। তিনি বলেন, “আমার মেয়ের ওপর যা ঘটেছে, তার ন্যায়বিচার চাই। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হচ্ছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একটাই দাবি—অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: