হাওরের সংকট নিরসনে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জাতীয় নাগরিক পার্টির
নেত্রকোনা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে আকস্মিক প্লাবন এবং টানা বৃষ্টিতে বোরো ধান কাটা নিয়ে সৃষ্ট চরম সংকট নিরসনে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ এপ্রিল) দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এক বিবৃতির মাধ্যমে পর্যাপ্ত কৃষিযন্ত্র সরবরাহ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার দাবি জানান।
বিবৃতিতে গোলাম মর্তুজা সেলিম উদ্বেগ প্রকাশ করে বলেন, উজান থেকে আসা ঢল এবং টানা বর্ষণে হাওরের নিচু এলাকার পাকা ধান তলিয়ে গেছে। শ্রমিক সংকট এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে ধান কাটা কার্যক্রম গতি পাচ্ছে না, ফলে অনেক কৃষক পানিবন্দি অবস্থায় তাঁদের একমাত্র ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এনসিপির পর্যবেক্ষণ অনুযায়ী, তীব্র শ্রমিক সংকট, কৃষিযন্ত্রের অপ্রতুলতা, ফসল রক্ষা বাঁধের দুর্বলতা ও অব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবই বর্তমান সংকটের মূল কারণ।
কৃষকের ক্ষতি লাঘবে এনসিপির পক্ষ থেকে সরকারের প্রতি চারটি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো: জরুরি ভিত্তিতে হাওরাঞ্চলে পর্যাপ্ত কম্বাইন হারভেস্টার সরবরাহ ও শ্রমিক নিশ্চিত করা; ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান; দুর্বল ফসল রক্ষা বাঁধগুলো দ্রুত মেরামত ও শক্তিশালী করা এবং সরকারিভাবে দ্রুত ধান সংগ্রহ শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাওরের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাঁদের এই দুর্দিনে কার্যকর পদক্ষেপ নিতে দেরি হলে জাতীয় খাদ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। সরকার দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে কৃষকের জীবন-জীবিকা রক্ষায় এগিয়ে আসবে বলে জাতীয় নাগরিক পার্টি আশা প্রকাশ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: