লঙ্কানদের টপকে আটে লিটনরা
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের
আইসিসির বার্ষিক হালনাগাদে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ছেলেদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন আট নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। মূলত শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় এই উন্নতির সুযোগ তৈরি হয়েছে। হালনাগাদের পর লঙ্কানরা ৬ রেটিং পয়েন্ট হারিয়ে তালিকার নবম স্থানে নেমে গেছে।
আইসিসি প্রতি বছরের মে মাসে বার্ষিক র্যাংকিং হালনাগাদ করে। এবারের হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পুরো পয়েন্ট এবং এর আগের দুই বছরের পয়েন্টের অর্ধেক হিসাব করা হয়েছে। ২০২৩ সালের মে মাসের আগের পারফরম্যান্স এখন আর বিবেচনায় নেই। বাংলাদেশের ঠিক পেছনেই থাকা শ্রীলঙ্কার পর ১০ম স্থানে রয়েছে আফগানিস্তান। বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে ব্যবধান মাত্র ১ রেটিং পয়েন্টের।
শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত এখনও বিশ্বসেরার মুকুট ধরে রেখেছে। ২৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ২৫৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। এরপর ক্রমানুসারে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ শীর্ষ সাতটি স্থান দখল করে আছে।
ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও বাংলাদেশের জন্য ইতিবাচক খবর রয়েছে। ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগোনোর পর এবার টি-টোয়েন্টি র্যাংকিংয়েও রেটিং পয়েন্ট বেড়েছে নিগার সুলতানাদের। বাংলাদেশ নারী দল দশম স্থানে থাকলেও তাদের রেটিং বেড়েছে ৫ পয়েন্ট। ফলে নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট। মেয়েদের টি-টোয়েন্টিতে বরাবরের মতোই আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া; এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত।
এবারের হালনাগাদে সবচেয়ে চমকপ্রদ উন্নতি করেছে যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে তারা উঠে এসেছে ১৩ নম্বরে। নেপাল ১৭তম এবং ওমান ১৯তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, গত তিন বছরে প্রয়োজনীয় ন্যূনতম আটটি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল ছেলেদের র্যাংকিং থেকে এবং কম্বোডিয়া ও পেরু মেয়েদের র্যাংকিং থেকে বাদ পড়েছে। এর ফলে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি তালিকায় দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮-এ দাঁড়িয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: