সুনামগঞ্জে ধোপাজান নদী রক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে ধোপাজান নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০৭/২০২৬ ১৬:৩৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং দ্রুত নিয়ম অনুযায়ী বালুমহালের ইজারা চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম হোসেন অভি।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার ও আজিজুর রহমান রুহেল, যুগ্ম সদস্য সচিব শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।

বক্তারা বলেন, ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম অর্থনৈতিক সম্পদ। দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকায় একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে ড্রেজার ও নৌযানের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু ও পাথর উত্তোলন করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়ছে।

তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে রাতে বালু ও পাথরবোঝাই নৌযান নির্বিঘ্নে চলাচল করছে, তা তদন্ত করা প্রয়োজন।

মানববন্ধন থেকে নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, নিয়মিত প্রশাসনিক টহল ও মোবাইল কোর্ট পরিচালনা, জড়িতদের আইনের আওতায় আনা এবং বৈধভাবে ইজারা না দেওয়া পর্যন্ত সব ধরনের বালু উত্তোলন বন্ধ রাখার দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ধোপাজান নদী রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন আলহাজ রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা, আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ধোপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

লতিফুর রহমান রাজু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad