বড়লেখায় পুকুরে পড়ে ২২ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম নিজ বাহাদুরপুর এলাকায় পুকুরে পড়ে শাহরিন নামের ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে শিশুটি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত শাহরিনের পিতা হাসান আহমদ। পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফন করা হবে। আজ শনিবার বিকেল ৫টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
হিফজুর রহমান/ ডিডি
মন্তব্য করুন: