হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় চিংড়ি রেণু জব্দ ও অবমুক্ত
হবিগঞ্জে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় বিজিবি ও মৎস্য বিভাগের উপস্থিতিতে এসব রেণু পোনা অবমুক্ত করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা ১০০ কার্টুন গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। জব্দকৃত এসব রেণুর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। পরে বিকেলে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের উপস্থিতিতে পোনাগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সিলেট বিভাগে চিংড়ি রেণুর উৎপাদন কম হওয়ার সুযোগ নিয়ে ভারতীয় চোরাকারবারিরা এসব রেণু পাচার করে আসছিল। জনস্বার্থে ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি।
এ রহমান
মন্তব্য করুন: