অধরা অভিযুক্ত সানোয়ার
কমলগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর মৃত্যু
মৌলভীবাজারে কমলগঞ্জে দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে মীম আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে একটি ভিডিও বার্তায় অভিযুক্ত সানোয়ার মিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছে সে।
হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর, গত শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মীম আক্তার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের মনির মিয়ার মেয়ে এবং মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবিল গ্রামের সানোয়ার মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে মীমকে উত্ত্যক্ত করাসহ বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইল করে আসছিল। এই নির্যাতন সইতে না পেরে মীম বিষপান করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত সানোয়ার মিয়াকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।
শাহিন আহমেদ/ ডি আর ডি
মন্তব্য করুন: