মৌলভীবাজারে গ্রাহকদের টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা
Led Bottom Ad

মৌলভীবাজারে গ্রাহকদের টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৫/০৫/২০২৬ ২১:০৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও শাখায় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের কয়েক লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ইউনিক এন্টারপ্রাইজ নামের ওই এজেন্টের মাঠপর্যায়ের এই প্রতারণায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে জমানো টাকা এবং নতুন জমা দেওয়া অর্থ ব্যাংকের মূল সার্ভারে এন্ট্রি না দিয়ে নিজের কাছে রেখে দেন। একপর্যায়ে তিনি বিপুল পরিমাণ অর্থ নিয়ে আত্মগোপন করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।


টাকা ফেরত পাওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে ভুক্তভোগীরা এখন আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এক ক্ষুব্ধ গ্রাহক বলেন, ‘ডাচ-বাংলা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের নাম দেখে বিশ্বাস করে টাকা রেখেছিলাম। কিন্তু এজেন্ট শাখার কর্মকর্তার এই জালিয়াতি আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা কষ্টের টাকা ফেরত চাই।’


এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মূল ব্যাংক কর্তৃপক্ষের দুর্বল নজরদারি ও তদারকির অভাবের কারণেই মাঠপর্যায়ের কর্মকর্তারা এমন জালিয়াতির সাহস পাচ্ছেন।


ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মকর্তা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি ইউনিক এন্টারপ্রাইজ বা ডাচ-বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।


ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad