মৌলভীবাজারে ইসলামি ব্যাংকের বুথে টাকা মিলছে না

বাড়ছে গ্রাহকদের ভোগান্তি

মৌলভীবাজারে ইসলামি ব্যাংকের বুথে টাকা মিলছে না

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/০৫/২০২৬ ০০:৩৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলা সদরে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) বুথ থেকে টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ঈদের ছুটির মধ্যে টাকা উত্তোলন করতে না পারায় কোরবানির পশু কেনা, ঈদের বাজার ও জরুরি পারিবারিক খরচ মেটানো নিয়ে বিপাকে পড়েছেন শত শত মানুষ।


স্থানীয় গ্রাহকদের অভিযোগ, মৌলভীবাজার সদরে অবস্থিত ইসলামি ব্যাংকের এটিএম বুথগুলোয় কয়েক দিন ধরেই সেবা মিলছে না। ঈদের আগে এই পরিস্থিতি আরও নাজুক রূপ নিয়েছে। বুথে টাকা তুলতে গিয়ে অনেককেই খালি হাতে ফিরে আসতে হচ্ছে। বুথগুলোয় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বারবার 'নেটওয়ার্ক সমস্যার' কথা জানালেও গ্রাহকদের ক্ষোভ কমছে না।


ভুক্তভোগীদের দাবি, এটি নতুন কোনো সমস্যা নয়; বেশ কিছু দিন ধরেই এই বুথগুলোয় সমস্যা চলছে। প্রায়ই এটিএম বুথে গেলে নেটওয়ার্ক জটিলতার অজুহাত দেখিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ঈদের মতো উৎসবের সময়ে এমন পরিস্থিতি তাঁদের চরম সংকটে ফেলেছে।


ব্যাংকের একজন ক্ষুব্ধ গ্রাহক আমিরুল হোসেন বলেন, "সারাদিন এটিএম বুথে গিয়েও টাকা তুলতে পারিনি। নিরাপত্তাকর্মীরা শুধু বলছেন নেটওয়ার্ক সমস্যা। ঈদের আগে যদি নিজের জমা টাকা সময়মতো তুলতেই না পারি, তাহলে ব্যাংকে টাকা রেখে লাভ কী?"


অনেকে অভিযোগ করেন, বুথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সমাধান মিলছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি।


ঈদের আগে কোরবানির পশু কেনা থেকে শুরু করে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় নগদ অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি। কিন্তু নিজের কষ্টার্জিত টাকা সময়মতো তুলতে না পেরে অনেক পরিবার উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


এদিকে দীর্ঘ সময় এটিএম সেবা ব্যাহত থাকায় গ্রাহকদের মধ্যে নানা ধরনের গুঞ্জন ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। বুথ থেকে টাকা না পেয়ে ব্যাংকের আর্থিক অবস্থা নিয়ে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজেদের মধ্যে নানা প্রশ্ন তুলছেন। তবে ব্যাংক দেউলিয়া হওয়া বা বড় ধরনের আর্থিক সংকটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মূলত দীর্ঘদিনের সেবা সংকট, এটিএমে বারবার কারিগরি জটিলতা এবং ঈদের মুখে নগদ টাকা তুলতে না পারার ক্ষোভ থেকেই গ্রাহকদের মধ্যে এই উদ্বেগের সৃষ্টি হয়েছে।


গ্রাহকেরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান এবং ঈদের ছুটির মধ্যেই এটিএম সেবা পুরোপুরি সচল করার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বক্তব্য জানার জন্য ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থানীয় শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ঈদের ছুটি থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রাহকদের প্রত্যাশা, দ্রুত প্রযুক্তিগত সমস্যা সমাধান করে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad