কমলগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে রাজনা বেগম (৫০) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৬ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আনোয়ার মিয়া পলাতক রয়েছেন। আনোয়ার মিয়া উপজেলার পতনউষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। এই দম্পতির তিনটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে এক সন্তানের জননী এবং অন্য দুই মেয়ে বিবাহযোগ্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জনক আনোয়ার মিয়া কিছুদিন আগে পরকীয়ায় জড়িয়ে এক তরুণীকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর তিনি প্রায় এক মাস বাড়ির বাইরে অন্যত্র অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে আসেন। এরপর থেকেই প্রথম স্ত্রী রাজনা বেগমের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন আনোয়ার। স্বামীর এই অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত সোমবার রাজনা বেগম নিজ বাড়িতে বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহত গৃহবধূর মরদেহ এখনো হাসপাতাল থেকে বাড়িতে এসে পৌঁছায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: