কুলাউড়ায় চার দিনের ব্যবধানে দুই প্রবাসী ভাইয়ের মৃত্যু

এলাকায় শোকের ছায়া

কুলাউড়ায় চার দিনের ব্যবধানে দুই প্রবাসী ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৯/০৫/২০২৬ ১৪:৩৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছোট ভাই কয়েস আহমদের (৪৬) দাফন সম্পন্ন হয়েছিল গত রোববার। সেই শোক কাটানোর আগেই গতকাল বৃহস্পতিবার (২৮ মে) মারা গেলেন বড় ভাই ছয়ফুল আহমদও (৫৫)। মাত্র চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের এমন মৃত্যুতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মারা যাওয়া দুই ভাই-ই দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন। তাঁদের বাবার নাম মরহুম সাতির আলী।


পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট ভাই কয়েস আহমদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে তিনি কুলাউড়া পৌর শহরের বসির প্লাজায় ‘সামিরা অ্যান্ড সামিয়া কসমেটিকস গ্যালারি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মে (রোববার) তিনি মারা যান।


পারিবারিক সূত্র আরও জানায়, বড় ভাই ছয়ফুল আহমদও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। অসুস্থতার কারণে সম্প্রতি তিনি দেশে ফেরেন এবং চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ছোট ভাইয়ের অকালমৃত্যুর শোক কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। ভাইয়ের মৃত্যুর চার দিনের মাথায় গতকাল ২৮ মে (বৃহস্পতিবার) তিনিও মারা যান।


প্রতিবেশি সামছুল আলম জানান--- এক সপ্তাহের মধ্যে দুই ছেলেকে হারিয়ে মা পাথর হয়ে গেছেন। স্ত্রীদের কান্না থামানো যাচ্ছে না। পুরো পরিবারটি এখন স্তব্ধ।



আজ শুক্রবার (২৯ মে) সকালে কিয়াতলা গ্রামে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় এক নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। দুই ভাইয়ের বাড়িতে চলছে স্বজনদের মাতম। প্রতিবেশীরা এসে তাঁদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।


স্থানীয় কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য বলেন, দুই ভাই-ই এলাকায় অত্যন্ত নম্র ও ভদ্র হিসেবে পরিচিত ছিলেন। এত অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যু পুরো ইউনিয়নবাসীকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারটির পাশে দাঁড়ানোর মতো ভাষা আমাদের জানা নেই।

শাহিন আহমেদ/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad