বড়লেখায় শিশুকে দিয়ে দোকানে চুরি, দুই নারী গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখায় এক ডিপার্টমেন্টাল স্টোরে দুই নারী ক্রেতা সেজে দোকানদারকে ব্যস্ত রাখেন। এই সুযোগে তাঁদের সঙ্গে থাকা এক শিশুকে দিয়ে ক্যাশ বাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। এই অভিনব চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত আট বছরের এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) ও শানু বেগম (৩৮)। গত বুধবার ও গত মঙ্গলবার সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দুপুরে বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের ‘রাসেল ভেরাইটিজ স্টোর’ নামের একটি দোকানে বোরকা পরা দুই নারী মালামাল কেনার অজুহাতে ঢোকেন। তাঁরা কেনাকাটার কথা বলে দোকানমালিককে ব্যস্ত রাখেন। এই সুযোগে তাঁদের সঙ্গে থাকা শিশুটি ক্যাশ বাক্স থেকে ৫ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। পরে নারীরাও দোকান থেকে সটকে পড়েন। এ ঘটনায় বড়লেখা থানায় পেনাল কোডে একটি চুরি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তে অভিযানে নামে বড়লেখা থানা-পুলিশ। গত ২৬ মে সিলেটের বিশ্বনাথ থানা-পুলিশের সহায়তায় স্থানীয় সন্ধানী ক্লিনিক এলাকা থেকে স্মৃতি বেগম ও শিশু বাবু মিয়াকে (৮) হেফাজতে নেওয়া হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ মে ভোরে দক্ষিণ সুরমা থানার একটি কলোনি থেকে শানু বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী স্বীকার করেছেন যে তাঁরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানমালিকের অগোচরে টাকা চুরি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান প্রথম সিলেটকে বলেন, গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর চুরির ঘটনায় জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশুবিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানির জিম্মায় দেওয়া হয়েছে।
হিফজুর রহমান / ডি আর ডি
মন্তব্য করুন: