মৌলভীবাজারে হাসপাতালের লিফটে ১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর আটকা, উদ্ধার ৫
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে চলন্ত লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচজন যাত্রী প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। পরে লিফট অপারেটর ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে রোগী ও স্বজনসহ পাঁচ যাত্রী নিয়ে লিফটটি ওপরে ওঠার সময় হঠাৎ মাঝপথে থমকে দাঁড়ায়। স্বয়ংক্রিয় দরজা লক হয়ে যাওয়ায় ভেতরেই আটকা পড়েন তাঁরা। হাসপাতালের মতো জরুরি জায়গায় হঠাৎ লিফট বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি টের পাওয়ার পরপরই হাসপাতালের লিফট অপারেটরেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছায়।
তবে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করার আগেই লিফট অপারেটরেরা বিশেষ কৌশলে লিফটের লক খুলতে সক্ষম হন। রাত ১০টার দিকে একে একে পাঁচ যাত্রীকে লিফটের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়।
উদ্ধার পাওয়া যাত্রীরা জানান, ভেতরে তাঁরা ভীষণ আতঙ্কের মধ্যে ছিলেন। তবে লিফট অপারেটর ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা তাঁদের বড় বিপদ থেকে বাঁচিয়েছে।
উদ্ধার হওয়া পাঁচজনই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কেন এই যান্ত্রিক ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখতে এবং লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সাধারণ চিকিৎসা প্রার্থীরা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: