অবস্থানে অনড় পরিবহন নেতারা, ৩ জুন থেকে হবিগঞ্জে বাস ধর্মঘটের ডাক

অবস্থানে অনড় পরিবহন নেতারা, ৩ জুন থেকে হবিগঞ্জে বাস ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩১/০৫/২০২৬ ১৭:০৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ



মৌলভীবাজার জেলার ভেতর দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ। এরই জেরে রুট পারমিট ও স্থানীয় নিয়ম অমান্য করে চলাচল করা হবিগঞ্জ-সিলেট ‘বিরতিহীন এক্সপ্রেস’ গত ১০ মে বন্ধ করে দেওয়া হয়। তবে মৌলভীবাজারের এই পদক্ষেপের বিরোধিতা করে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জের পরিবহন সংশ্লিষ্ট একটি পক্ষ। একে ‘অযৌক্তিক ও একতরফা’ বলে দাবি করছেন মৌলভীবাজারের পরিবহন নেতারা।


মৌলভীবাজার পরিবহন সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে হবিগঞ্জের এই বাসগুলো মৌলভীবাজারের অভ্যন্তরীণ সড়ক (শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর) ব্যবহার করলেও স্থানীয় জেলা প্রশাসনের ট্রাফিক নিয়ম ও পরিবহন নীতি তোয়াক্কা করছিল না। এতে মৌলভীবাজারের অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল।


স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, হবিগঞ্জের বাসগুলো মৌলভীবাজার জেলার সিংহভাগ সড়ক ব্যবহার করে যাতায়াত করলেও তারা স্থানীয় শৃঙ্খলা বা টার্মিনাল নীতি মানতে রাজি নয়। ৫৩ বছর আগের পুরোনো ঐতিহ্যের দোহাই দিয়ে বর্তমান সময়ের আধুনিক ট্রাফিক নিয়ম ও রুট পারমিট ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ মে মৌলভীবাজারের সড়কে নিয়মবহির্ভূত চলাচল বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়।


মৌলভীবাজারের পরিবহন নেতারা স্পষ্ট জানিয়েছেন, জেলার সড়ক ব্যবহার করে নিয়ম না মেনে গাড়ি চালানো এবং স্থানীয় শৃঙ্খলা নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রুট সচল করতে হলে আলোচনার টেবিলে বসতে হবে এবং মৌলভীবাজারের পরিবহন নীতি মেনেই গাড়ি চালাতে হবে। তা না করে ধর্মঘটের নামে সাধারণ মানুষকে জিম্মি করা একধরনের একঘেয়েমি।


আগামী ৩ জুন থেকে হবিগঞ্জের এই একতরফা ধর্মঘটের কারণে সিলেট বিভাগে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তবে মৌলভীবাজারের পরিবহন নেতারা নিজেদের জেলার সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে তাঁদের অবস্থানে অনড় রয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: