রাজনগরে মসজিদে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে মালামাল লুট

রাজনগরে মসজিদে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

৩১/০৫/২০২৬ ১৭:১৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হংসখলা জামে মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে চোরচক্র।


আজ রবিবার (৩১ মে) সকালে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের দরজার তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছন্নছাড়া অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়েন।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের নামাজ শেষে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। গভীর রাতের কোনো এক সময়ে চোরচক্র মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা মসজিদের ভেতরে থাকা একটি বড় স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরের সব ড্রয়ার টেনে বের করে। আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, ক্যাশ বাক্স ও অন্যান্য সামগ্রী মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে যায়।


মসজিদের মাদুরের ওপর চোরদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে। যার মধ্যে রয়েছে একটি বড় দা, একটি ছাতা এবং তালা ও আলমারি ভাঙার কাজে ব্যবহৃত লোহার রড সদৃশ একটি ধারালো অস্ত্র।


পবিত্র উপাসনালয়ে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় হংসখলা গ্রামসহ পুরো টেংরা ইউনিয়নজুড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।


এলাকাবাসী ও মসজিদ কমিটি অবিলম্বে এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: