শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শাপলাবাগ ও সোনার বাংলা রোড এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ১৩টি মামলার আসামি ‘চায়না রিপন’ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার সুরভিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন উপজেলার ভাড়াউরা গ্রামের আমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চায়না রিপন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকা কেন্দ্রিক একটি শক্তিশালী সন্ত্রাসী চক্র গড়ে তোলে। এই চক্রের মাধ্যমে সে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন ও চাঁদাবাজি করে আসছিল।
গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে নির্মমভাবে মারপিট করে গুরুতর আহত করে রিপন ও তার সহযোগীরা। এই ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে রিপন আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সুরভিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় অস্ত্র, মারামারি ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে শ্রীমঙ্গলের ত্রাস হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শাপলাবাগ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও প্রশান্তি বিরাজ করছে। আনন্দ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের অনেককে এলাকায় মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: