শ্রীমঙ্গলে কালনী এক্সপ্রেসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ, চালক আহত

গেটম্যানের অবহেলার অভিযোগ

শ্রীমঙ্গলে কালনী এক্সপ্রেসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ, চালক আহত

শাহিন আহমেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি

০১/০৬/২০২৬ ১৪:০৯:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়েছেন।  সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের অনুপস্থিতি ও চরম অবহেলার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আহত চালকের নাম আব্দুল কাইয়ুম টিটু। তিনি স্থানীয় ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক হিসেবে কর্মরত। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল বেলা শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে জেরিন চা বাগান থেকে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন চালক টিটু। পথিমধ্যে ভাড়াউড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং চালক আহত হন।



এ ব্যাপরে ইস্পাহানী জেরিন চা বাগানের উপ-মহাব্যবস্থাপক সেলিম রেজা প্রথম সিলেটকে বলেন, “শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রাক্টরটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেন আসতে দেখে চালক টিটু দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে বাগান হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”


তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটটি সম্পূর্ণ খোলা ছিল। দুর্ঘটনার পর আমরা গেটম্যানের কক্ষটিও তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানানো হয়েছে।”


এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগার খবর পেয়েছি।” তবে দুর্ঘটনার সময় গেটম্যানের অনুপস্থিতি বা গাফিলতির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, রেলক্রসিংয়ের মতো সংবেদনশীল জায়গায় গেটম্যান যথাসময়ে গেট নামালে কিংবা সংকেত দিলে এই দুর্ঘটনা ঘটত না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বরত গেটম্যানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শাহিন আহমেদ/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad