ফুলছড়া চা বাগানে নারী-শিশুর ওপর হামলার অভিযোগ

ফুলছড়া চা বাগানে নারী-শিশুর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০১/০৬/২০২৬ ২০:২৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের মেডিকেল লাইনে বসবাসরত এক মুসলিম পরিবার প্রতিবেশীর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে তাদের ওপর একাধিকবার হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে।


জানা যায়, আনোয়ারা বেগম নামে এক নারী তাঁর পরিবার নিয়ে ফুলছড়া চা বাগানের মেডিকেল লাইনে বসবাস করে আসছেন। প্রতিবেশী জিতেন গোয়ালার সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে ফুলছড়া চা বাগানে অনুষ্ঠিত এক পঞ্চায়েত বৈঠকে তৎকালীন ৮নং কালিঘাট ইউনিয়নের ফুলছড়া ওয়ার্ডের ইউপি সদস্য অনীল তন্ত রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে কোনো ধরনের ঝগড়া-বিবাদে না জড়ানোর বিষয়ে লিখিত সমঝোতায় আনা হয়।


পরবর্তীতে ২০২০ সালেও একই বিরোধের জেরে ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদে আরেকটি সালিশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এবং স্থানীয় মুরব্বিরা উপস্থিত থেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৯ মে মঙ্গলবার দুপুর ১টার দিকে জিতেন গোয়ালা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারা বেগমের বাড়িতে যান। এ সময় আনোয়ারা বেগম বাড়িতে না থাকায় তাঁর মেয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে তাঁর মেয়ে আহত হন। এ সময় আনোয়ারা বেগমের দুই বছর বয়সী নাতি আয়ানও আহত হয় বলে অভিযোগ করা হয়েছে।


পরে আনোয়ারা বেগম ঘটনাস্থলে এসে ঘটনার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিতেন গোয়ালার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শাহিন আহমেদ/ ডি আর ডি

মন্তব্য করুন: