এলাকায় শোকের ছায়া
মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ইন্তেকাল
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল। প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও কুলাউড়ার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন, যদিও পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সংসদ সদস্য হওয়ার আগে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছিলেন।
মরহুমের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সোমবার দুপুরে ঢাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; ইতোমধ্যে মরদেহ নিয়ে স্বজনরা কুলাউড়ার উদ্দেশে রওনা হয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: